ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শিমরাইল সওজ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিতে হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।
থানা সূত্র জানায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক সওজ অফিসের সামনে রেখে যান। পরদিন ভোরে স্থানীয়রা বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে মিনিবাসটির আসন, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসটি খালি থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



