tanaka
প্রচ্ছদরাজনীতিভুল করলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ভুল করলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এখন অনেক সচেতন। কেউ ভুল করলে দেশের মানুষ তা কখনোই ক্ষমা করবে না। তিনি বলেন, “দেশের মানুষ সহজ-সরল নয়। তারা সবকিছু বোঝে, সবকিছু জানে। যারা রক্ত ও প্রাণের বিনিময়ে বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছে, তাদের আত্মত্যাগ যেন কখনোই ম্লান না হয়। আমাদের কোনো কর্মকাণ্ডে সেই ত্যাগ ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।”

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে তাদের আরও দক্ষ, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “আপনাদের পরিকল্পনা ও কাজ যেন মানুষের কল্যাণে আসে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। আমি বিশ্বাস করি, প্রকৌশলীরাই বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।

নতুন সময়কে দেশের জন্য সম্ভাবনার দ্বার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আজ যে নতুন সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই আলোর পথ ধরে এগিয়ে যাই। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দল-মত নির্বিশেষে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করে প্রযুক্তিগত অগ্রগতি ও জাতীয় উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মঈনুল ইসলাম খান, প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।