দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৩২ জন শিশু, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।
তাদের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হাম বা হামের উপসর্গ নিয়ে আরও ২ হাজার ১৩২ শিশুকে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।



