tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপ্রকল্প বাড়লেও ভাঙন কমেনি যমুনায়

প্রকল্প বাড়লেও ভাঙন কমেনি যমুনায়

যমুনা নদীর ভাঙন রোধে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু থামেনি নদীর আগ্রাসন। বরং ভাঙন অব্যাহত থাকায় এবার বগুড়া অংশে নতুন করে প্রায় ২২০০ কোটি টাকার আরেকটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। অর্থাৎ পুরোনো প্রকল্পের সুফল পুরোপুরি মেলার আগেই আবারো বাড়ছে ব্যয়ের অঙ্ক।

একের পর এক প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন প্রতি বর্ষায় একই এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলতে হচ্ছে? কেন বারবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার? আর কেনই বা এখনো ৪৫ কিলোমিটার নদীতীরের ২৬ কিলোমিটার অরক্ষিত রয়ে গেছে? যমুনা তীর রক্ষায় সরকারি বিনিয়োগের কার্যকারিতা ও প্রকল্প বাস্তবায়নের বাস্তব চিত্রে এ রকম নানা প্রশ্ন রেখেই চলছে নতুন প্রকল্পের তোড়জোড়।পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বগুড়া অংশে যমুনা নদীর দৈর্ঘ্য প্রায় ৪৫ কিলোমিটার। এর মধ্যে মাত্র ১৯ কিলোমিটার এলাকায় স্থায়ী নদীতীর সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট প্রায় ২৬ কিলোমিটার এখনো অরক্ষিত। ফলে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার বিস্তীর্ণ এলাকা প্রায় প্রতি বর্ষায় নদীভাঙনের মুখে পড়ছে। বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক এবং বাজার নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।