tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের, আলোচনায় বসবে না তেহরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের, আলোচনায় বসবে না তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই ইরানের। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ জানিয়েছেন, যেকোনো ধরনের চাপের মুখেও এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান।

রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর ‘অদম্য শক্তি ও দৃঢ় মনোবল’ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, ইরানের এই প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইসলামি প্রজাতন্ত্রের শক্তি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। তাঁর দাবি, চলমান সংঘাতে শেষ পর্যন্ত ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।

পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে নিকজাদ বলেন, চাপ যতই আসুক, এ বিষয়ে আলোচনায় বসার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের দেওয়ার মতো নতুন কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই নেতা আরও দাবি করেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরান এরই মধ্যে প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কয়েকটিতে ‘অবৈধ বোমা হামলা’ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

তবে আলী নিকজাদের এসব বক্তব্য ইরানের পার্লামেন্টে দেওয়া তাঁর নিজস্ব অবস্থান ও দাবি হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা।