খুলনায় লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় খুলনায় লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘খুলনার লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এতে আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।’



