কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনর্গ্যাসীকরণ কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
এর ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে।
পেট্রোবাংলা জানায়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।



