বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনকুবের ওয়ারেন বাফেটের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রায় ৪৮ বছর ধরে তিনি পানি পান করেন না বলে দাবি করেছেন আরেক ধনকুবের বিনিয়োগকারী বিল অ্যাকম্যান। পানির পরিবর্তে বাফেটের পছন্দের পানীয় চেরি কোক।
সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের একটি পডকাস্টে বাফেটের সঙ্গে নৈশভোজের অভিজ্ঞতা তুলে ধরেন অ্যাকম্যান। তিনি জানান, একবার খাবার টেবিলে বাফেটকে সাধারণ পানি নাকি স্পার্কলিং ওয়াটার পান করবেন, তা জানতে চেয়েছিলেন। জবাবে বাফেট দুটিই প্রত্যাখ্যান করে কোমল পানীয়ের প্রতি নিজের পছন্দের কথা জানান।
অ্যাকম্যান বলেন, তিনি বাফেটকে সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি পানি পান করেন না?’ উত্তরে বাফেট বলেছিলেন, ‘বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।’
অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তার বাড়িতে নৈশভোজে গেলে অতিথির পছন্দের কথা মাথায় রেখে আগেই চেরি কোকের ব্যবস্থা করেছিলেন।
ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ডের ‘দ্য ডিলস অব ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অব আ বিলিয়নেয়ার’ বইয়ে উল্লেখ করা হয়েছে, ৯৬ বছর বয়সি এই বিনিয়োগকারী প্রতিদিন পাঁচ ক্যান কোক পান করতেন। প্রায় পাঁচ দশক ধরে পেপসি পান করার পর একসময় চেরি কোকের প্রতি তার আগ্রহ তৈরি হয়।
২০১৫ সালে ‘ফরচুন’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট বলেছিলেন, ‘আমি এক-চতুর্থাংশ কোকাকোলা।’ নিজের দৈনিক খাদ্যাভ্যাসের ব্যাখ্যায় তিনি জানান, প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ ক্যালরি গ্রহণ করেন তিনি। এর প্রায় এক-চতুর্থাংশ আসে কোকাকোলা থেকে। প্রতিদিন অন্তত ১২ আউন্সের পাঁচ পরিবেশন কোক পান করেন বলেও জানিয়েছিলেন তিনি।
বাফেটের ছেলে হাওয়ার্ডের শৈশবের এক বন্ধু সিএনবিসিকে জানান, ছোটবেলায় হাওয়ার্ডের বন্ধুরা বাফেটকে ‘পেপসি ওয়ারেন’ বলে ডাকত। সে সময় পেপসিই ছিল তার পছন্দের পানীয়।
তবে ১৯৮৬ সালে বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় পেপসির প্রতি দীর্ঘদিনের অভ্যাসে পরিবর্তন আনেন বাফেট। ওই বছর তিনি চেরি কোককে প্রতিষ্ঠানের বার্ষিক সভার আনুষ্ঠানিক পানীয় হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই চেরি কোকের সঙ্গে তার নাম জড়িয়ে যায়।
সূত্র: এনডিটিভি



