বিএনপি মহাসচিব ও মন্ত্রী পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের আগে তাকে সাংবিধানিক নিয়ম অনুযায়ী শপথ নিতে হবে। ধারণা করা হচ্ছে, তাকে শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে সংসদের স্পিকারের দায়িত্ব ও কার্যাবলী ডেপুটি স্পিকার পালন করেন।
অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ গ্রহণ করতে হয়। এ শপথ পাঠ করানোর দায়িত্ব সাধারণত স্পিকারের ওপর ন্যস্ত থাকে।
এই সাংবিধানিক ব্যবস্থার কারণে বর্তমানে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংসদের স্পিকারের কার্যাবলী পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারের ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কায়সার কামাল এর আগে বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং পুরো সাংবিধানিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্ধারিত প্রটোকলের ওপর নির্ভর করবে।



