ফেনীতে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় জুয়েল দাস (৩০) নামের এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। তিনি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে অবস্থিত পিএইচপি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মাইক্রোবাসের চালকও আহত
হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির কারণে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা জুয়েল দাসকে চাপা দেয়। এরপর সামনে থাকা গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটির চালক সাইফুল ইসলাম (৪০) আহত হন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুনের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জুয়েল দাস ও আহত চালককে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েল দাসকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস জব্দ
ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



