বাংলাদেশে স্থানীয়ভাবে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) বা এজ নোড স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে দেশে স্থায়ী কার্যালয় স্থাপনের বিষয়েও ইতিবাচকভাবে ভাবছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীর সঙ্গে সাক্ষাৎকালে মেটার প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় অফিস ও এজ নোড স্থাপনের আহ্বান
বিটিআরসির সঙ্গে বৈঠকে মেটার দক্ষিণ ও মধ্য এশিয়ার পাবলিক পলিসি পরিচালক ইউয়েন টিং চে, বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এজ স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ম্যাট জ্যানসেন উপস্থিত ছিলেন।
বিটিআরসি কর্মকর্তারা জানান, বাংলাদেশে বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেন। এ কারণে দেশে স্থানীয় কার্যালয় স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের জন্য মেটাকে আহ্বান জানানো হয়।
পাশাপাশি স্থানীয়ভাবে সিডিএন বা এজ নোড স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বিটিআরসি। এর ফলে দেশের ব্যবহারকারীরা মেটার বিভিন্ন সেবা তুলনামূলক দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণ এবং স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও মেটার প্রতিনিধিদের অবহিত করা হয়।
আইনি বাধা কাটায় এগোতে চায় মেটা
মেটার প্রতিনিধিরা জানান, আগের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কিছু বিধান স্থানীয়ভাবে অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য আইনি জটিলতা তৈরি করেছিল।
তবে সম্প্রতি প্রণীত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ এ ধরনের বাধা না থাকায় তারা এখন স্থানীয় অবকাঠামো ও কার্যালয় স্থাপনের বিষয়ে দ্রুত এগোতে চান বলে জানান।
মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার বিটিআরসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, স্থানীয় অবকাঠামো ও অফিস স্থাপনের কারিগরি এবং আইনি দিক পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রতারণা ও জুয়ার বিজ্ঞাপন ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ
বৈঠকে প্রতারণা ও জুয়ার বিজ্ঞাপন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন বিটিআরসি চেয়ারম্যান।
পাশাপাশি অপপ্রচার ও গুজব প্রতিরোধে মেটার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জবাবে মেটার প্রতিনিধিরা জানান, বৈশ্বিকভাবে জনবল পুনর্গঠনের কারণে তাদের কিছু কার্যক্রমে সাময়িক ধীরগতি দেখা দিলেও শিগগিরই তা স্বাভাবিক হবে।
বৈঠকে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



