চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে যাওয়া ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ তাদের ৩৩ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
৩৩ দফা ইশতেহারে যেসব বিষয় রয়েছে:
ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে ৯টি মূল ক্ষেত্রের ওপর গুরুত্বারোপ করে মোট ৩৩টি দাবি ও পরিকল্পনার কথা বলা হয়েছে।
মূল বিষয়গুলো হলো:
- আবাসন সংকট নিরসন ও উন্নয়ন
- শাটল ট্রেন ও বাস সার্ভিসের আধুনিকায়ন ও নিরাপত্তা
- সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত
- সেশনজট নিরসন ও শিক্ষার মানোন্নয়ন
- অটোমেশন ও ডিজিটাল সেবা চালু
- নারীবান্ধব ও গ্রিন ক্যাম্পাস গড়ে তোলা
- গবেষণা ও উচ্চশিক্ষায় বরাদ্দ বৃদ্ধি
- প্রতিবন্ধী ও প্রান্তিক শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত
- সামাজিক নিরাপত্তা ও মেন্টাল হেলথ কাউন্সিল গঠন
ইশতেহারে আরও রয়েছে:
নিয়মিত চাকসু নির্বাচন আয়োজন, ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য সেবা, মাতৃত্বকালীন ছুটি ও নারী কমনরুম উন্নয়ন, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, উন্নত লাইব্রেরি ও পাঠচর্চার পরিবেশ, সাহিত্য-সংস্কৃতির বিকাশ, সব জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, অন-ক্যাম্পাস চাকরির সুযোগ, লিগ্যাল এইড সেল, অফিসিয়াল ইমেইল চালু, অ্যালামনাইদের সঙ্গে সমন্বয়, শরীরচর্চার সুযোগ এবং মেন্টাল হেলথ কাউন্সিল ইত্যাদি।
ইশতেহার সম্পর্কে প্যানেলের মন্তব্য:
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন রনি বলেন,
“আমরা শিক্ষার্থীদের বাস্তব ও মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে এই ৩৩ দফার ইশতেহার তৈরি করেছি। নির্বাচনে জয়ী হলে আগামী ১২ মাসের মধ্যে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে এর মধ্যে ৯টি মূল বিষয়কে আমরা সর্বাধিক অগ্রাধিকার দেব।”



