এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এ কারণে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়াতে ও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। আশা করা হচ্ছে, এলপিজি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কমে আসবে।
৩০ লোকোমোটিভ কেনার উদ্যোগ
রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
বাড়ছে ভিজিএফ কার্ডের আওতা
দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে বলেও জানান তিনি। কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
ডা. জাহেদ বলেন, দরিদ্র ও ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক করতে ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর পাশাপাশি সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। তবে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা দুঃখজনক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ছাত্রদল থেকে সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী সরকার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আগ্রহী বলেও জানান তিনি। তবে এ প্রকল্পে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে—সেটি আলাদা বিষয় বলে উল্লেখ করেন উপদেষ্টা।
অটোরিকশা নিয়ে নীতিমালা করছে সরকার
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে স্বীকার করে ডা. জাহেদ উর রহমান বলেন, এগুলোকে একেবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।



