পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। এর ফলে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের কর্মকর্তাদের কাছে যুক্তরাজ্য সরকারের এই সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স। পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের সিদ্ধান্ত থেকে ইসরাইলকে সরে আসার আহ্বান জানিয়েছে লন্ডন। অন্যথায় লন্ডনে থাকা ইসরাইলি কূটনীতিকদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্য ও ইসরাইলের সম্পর্কের মধ্যে একাধিক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ বা ‘এথনিক ক্লিনজিং’ চলার অভিযোগের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল লন্ডন।
পশ্চিম তীরে ইসরাইলের নতুন করে প্রায় ১ হাজার ২০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণার পর যুক্তরাজ্যের ওই সিদ্ধান্ত আসে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সমালোচনা হয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।
ব্রিটিশ সরকারের বাণিজ্যিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের পরিকল্পনা ঘোষণা করে ইসরাইল। ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ এবং কূটনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই কনস্যুলেট।
ইসরাইলের ওই সিদ্ধান্তের পর এবার পাল্টা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য। কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।



