ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় আটক করার কয়েক মিনিট পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী দলের সাংসদদের পদযাত্রায় পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক শীর্ষ বিরোধী নেতাকে সাময়িকভাবে আটক করা হয়।
আটকের পর পুলিশ ভ্যান থেকে মুক্তি পেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন। সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলের সাংসদরা। পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ বেশ কয়েকজন সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।
বিরোধী সাংসদদের অভিযোগ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সিইসির পদত্যাগের দাবিতে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে যাওয়ার কর্মসূচি নেন। তবে পুলিশ তাদের সেই কর্মসূচিতে বাধা দেয়।
তথ্যসূত্র: দ্য উইক



