যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় একটি প্রাথমিক খরচ হলো বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি। তবে দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে কোনো আবেদন ফি ছাড়াই ভর্তির আবেদন করার সুযোগ রয়েছে। ফলে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
২০২৬ সালের বিভিন্ন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ থেকে ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি আর্থিক অসচ্ছলতা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন কিংবা নির্দিষ্ট আবেদন পদ্ধতি অনুসরণ করলে অনেক বিশ্ববিদ্যালয় আবেদন ফি মওকুফ করে থাকে।
সাধারণত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে আবেদন ফি ৫০ থেকে ১০০ মার্কিন ডলারের মধ্যে হয়ে থাকে। স্নাতকোত্তর পর্যায়ে এ ফি আরও বেশি হতে পারে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে তা ৭০ থেকে ২১০ ডলার পর্যন্ত হতে পারে। একাধিক প্রতিষ্ঠানে আবেদন করলে শুধু আবেদন ফিতেই শিক্ষার্থীদের বড় অঙ্কের অর্থ ব্যয় হয়।
এর সঙ্গে আন্তর্জাতিক অর্থ লেনদেনের ব্যাংক চার্জ এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের অতিরিক্ত খরচও যুক্ত হতে পারে। তাই আবেদন ফি নেই—এমন বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারলে শিক্ষার্থীদের প্রাথমিক ব্যয় অনেকটাই কমানো সম্ভব।
যেভাবে মিলতে পারে আবেদন ফি মওকুফ
বিশ্ববিদ্যালয়ভেদে আবেদন ফি মওকুফের নিয়ম ভিন্ন। কিছু প্রতিষ্ঠান সরাসরি আবেদন ফি ওয়েভার কোড দিয়ে থাকে। আবার কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীরা প্রয়োজনভিত্তিক ফি ওয়েভারের জন্য আবেদন করতে পারেন।
এ ছাড়া কিছু বিশ্ববিদ্যালয়ে আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করলেও ফি মওকুফের সুযোগ থাকে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার কমন অ্যাপের মাধ্যমে আবেদন করলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকেই আবেদন ফি নেয় না।
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও সুযোগ
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি মওকুফের ব্যবস্থা রয়েছে। তবে এ সুবিধা পেতে আগে আবেদন করতে হতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর আর্থিক পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত তথ্য বা প্রয়োজনীয় প্রমাণ চাইতে পারে।
কিছু প্রতিষ্ঠানে আবেদন করার সময় ফি পরিশোধ করতে হলেও পরে শিক্ষার্থী ফি মওকুফের জন্য যোগ্য বিবেচিত হলে ওই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
তাই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফি, ফি ওয়েভারের যোগ্যতা এবং আবেদনের সময়সীমা ভালোভাবে যাচাই করা জরুরি। এতে একদিকে আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচও এড়ানো সম্ভব।



