সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) সংক্রান্ত বিষয়ে রেলপথ, বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রেলভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির নেতারা জানান, গত পাঁচ বছর ধরে মন্দির এলাকায় বিভিন্ন ধরনের উসকানিমূলক কার্যক্রম দেখা যাচ্ছে এবং সম্প্রীতির পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত উপদেষ্টারা মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়াও, পাহাড়ে মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়।
স্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “সিঁড়ির বর্তমান অবস্থা ভালো নয়। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
উপরন্তু, ফাওজুল কবির খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ফোন করে সিঁড়ি সংস্কারের তৎপর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “অন্তর্বর্তী সরকার ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে বৈষম্যহীন সমাজ নির্মাণে কাজ করছে।”
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, “অন্য ধর্মের স্থাপনার ওপর আক্রমণ কোনোভাবেই ধর্মীয় কাজ হতে পারে না। ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পাঠানোর আহ্বান জানাই।”
ফাওজুল কবির খান আরও বলেন, “চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস ও ঐতিহ্য জড়িত। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। কোনো ধরনের উসকানির চিহ্ন দেখলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”



