tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনবিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ সহজ করতে ভিসা নীতিতে পরিবর্তনের উদ্যোগ

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ সহজ করতে ভিসা নীতিতে পরিবর্তনের উদ্যোগ

বিদেশি শিক্ষার্থী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আগমন বাড়াতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নীতিগত পরিবর্তন বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ আন্তর্জাতিক উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিশ্বের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগও আরও বাড়বে।

অনুষ্ঠানে দেশের ৯০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে এআই, গবেষণা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিস্তারের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ ধরনের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

কিউএস র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও এগিয়ে নিতে গবেষণার মান ও পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’ সম্প্রসারণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো ঘাটতি নেই। দেশের অনেক শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করছেন। বিদেশে থাকা দক্ষ ও মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ কার্যকর করার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, সেই সক্ষমতা বাংলাদেশের রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।