tanaka
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিতের আবেদনের ওপর মঙ্গলবার আদেশ দিতে পারেন হাইকোর্ট। সোমবার (১৭ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য দিনটি নির্ধারণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

৭০ অনুচ্ছেদে কী বলা আছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা বাতিল হবে না।

রিটকারী আইনজীবীর যুক্তি, এই সাংবিধানিক বিধানের কারণে সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতা হারান। এর ফলে সংসদ সদস্যদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।

এখন হাইকোর্টের মঙ্গলবারের আদেশে ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিটের আবেদনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিতের আবেদন সম্পর্কে আদালতের অবস্থান কী হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।