tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে খামেনি-এর্দোয়ান-মামদানির ছবি, ঘিরে রাজনৈতিক উত্তাপ

নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে খামেনি-এর্দোয়ান-মামদানির ছবি, ঘিরে রাজনৈতিক উত্তাপ

ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির একটি প্রচার বিলবোর্ডকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। তেল আবিবের আয়ালন হাইওয়ের পাশে স্থাপন করা ওই বিলবোর্ডে একসঙ্গে দেখা গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং হিজবুল্লাহপ্রধান নাইম কাসেমের ছবি।

লিকুদের প্রচারে দাবি করা হয়েছে, ওই ব্যক্তিরা নেতানিয়াহুর পরাজয় প্রত্যাশা করেন। তাই তাদের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা তুলে ধরে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নেতানিয়াহুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির ছবি প্রকাশ করে প্রচারণাটিকে সামনে এনেছেন।

তবে ক্ষমতাসীন দলের এই প্রচারণা বিরোধীদের কাছ থেকে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া পেয়েছে। বিরোধী দলগুলো মূল বার্তাকে ব্যঙ্গাত্মকভাবে বদলে দিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরছে।

সাবেক ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’ লিকুদের বিলবোর্ডের বার্তা পরিবর্তন করে এমন বক্তব্য প্রচার করেছে, যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাখতে নেতানিয়াহুকে ক্ষমতায় না রাখার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বিরোধী আইনপ্রণেতা নামা লাজিমিও লিকুদের প্রচারণার জবাবে ব্যঙ্গাত্মক পোস্টার ব্যবহার করেছেন। সেখানে নেতানিয়াহুর সাবেক উপদেষ্টাদের কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি তুলে ধরে লিকুদ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক প্রশ্ন তোলা হয়েছে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ইসরায়েলের রাজনীতিতে প্রচারণার ভাষাও তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। লিকুদের বিলবোর্ডে বিদেশি ও আঞ্চলিক নেতাদের পাশাপাশি নিউইয়র্কের একজন মেয়রের ছবি ব্যবহার এবং বিরোধীদের পাল্টা প্রচারণা—দুই পক্ষের রাজনৈতিক কৌশলের পার্থক্যও স্পষ্ট করে তুলেছে।

ফলে নেতানিয়াহুর দল এই প্রচারণার মাধ্যমে নিরাপত্তা ও বৈদেশিক হুমকিকে ভোটের অন্যতম প্রধান ইস্যু হিসেবে সামনে আনতে চাইছে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিরোধীরা পাল্টা প্রচারণার মাধ্যমে সরকারের অভ্যন্তরীণ বিতর্ক ও নেতানিয়াহুর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।