tanaka
প্রচ্ছদজাতীয়নবম পে স্কেল নিয়ে সরকারি নথিতে প্রথমবার বিস্তারিত তথ্য প্রকাশ

নবম পে স্কেল নিয়ে সরকারি নথিতে প্রথমবার বিস্তারিত তথ্য প্রকাশ

নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রথমবারের মতো সরকারি একটি নথিতে বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি, বেতন বৃদ্ধির সুপারিশ এবং বাজেট বরাদ্দের তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু নতুন বেতন কাঠামো কার্যকরের প্রতিশ্রুতি নয়, ধাপে ধাপে তা বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এসব তথ্য প্রকাশ করা হয়।

ই-বুকে নবম জাতীয় বেতন স্কেলকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নবম পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম বছরে সংশোধিত মূল বেতন কার্যকর করা হতে পারে। পরবর্তী বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় আনার প্রস্তাব রয়েছে।

ই-বুকে আরও উল্লেখ করা হয়েছে, পে স্কেল বাস্তবায়নসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সচিব কমিটির সব সদস্য ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

বেতন-ভাতায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ সরকারি চাকরিজীবীদের সংশ্লিষ্ট খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

এদিকে নবম জাতীয় পে স্কেল চলতি বছরেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনসংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পে কমিশনের সুপারিশের বিভিন্ন দিক সরকার পর্যালোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আরও আলোচনা প্রয়োজন।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পে কমিশনের প্রস্তাবে একাধিক বিষয় রয়েছে এবং সেগুলো সামগ্রিকভাবে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আলোচনা শেষ করে পরবর্তী সময়ে এ বিষয়ে আবার বৈঠক হবে বলেও জানান তিনি।

ফলে সরকারি নথিতে নবম পে স্কেলের বাস্তবায়ন পদ্ধতি প্রকাশ এবং অর্থমন্ত্রীর চলতি বছরেই কার্যকরের ইঙ্গিত—দুই বিষয় মিলিয়ে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে। তবে চূড়ান্ত বেতন কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তই এখন অপেক্ষার বিষয়।