আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নিতে আবারও প্রস্তাব দিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে নতুন আর্থিক কাঠামোর প্রস্তাব দিয়েছে তুরিনের ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্তিনেজকে পেতে জুভেন্টাসের নতুন প্রস্তাবে ৭০ লাখ ইউরো নিশ্চিত অর্থের পাশাপাশি আরও ৩০ লাখ ইউরো বোনাস রাখা হয়েছে। তবে অ্যাস্টন ভিলা তাদের গোলরক্ষককে ছাড়তে মোট ১ কোটি ইউরো দাবি করছে।
দুই ক্লাবের মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনা কিছুটা এগোলেও চুক্তি সম্পন্ন হওয়ার পথে এখনও কয়েকটি বিষয় বিবেচনায় রয়েছে। এর মধ্যে অন্যতম মার্তিনেজের শারীরিক অবস্থা। বিশ্বকাপের সময় থেকে ডান হাতের রিং ফিঙ্গারে চোট রয়েছে তার। এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় জুভেন্টাস তার ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
মার্তিনেজের বয়সও জুভেন্টাসের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ৩৩ বছর বয়সি এই গোলরক্ষকের দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও ক্লাবটির কর্তারা তুলনামূলক বেশি বয়সের একজন খেলোয়াড়ের জন্য বড় অঙ্কের অর্থ খরচ করতে খুব একটা আগ্রহী নন।
এর সঙ্গে রয়েছে জুভেন্টাসের আর্থিক বাস্তবতা। সাম্প্রতিক মৌসুমগুলোর পারফরম্যান্স এবং ক্লাবের বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে দলবদলে এবার ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে তারা। ফলে এককালীন ১ কোটি ইউরো পরিশোধের পরিবর্তে নিশ্চিত অর্থের সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বোনাস যুক্ত করে অ্যাস্টন ভিলার চাহিদার কাছাকাছি যাওয়ার কৌশল নিয়েছে জুভেন্টাস।
এদিকে মার্তিনেজকে হারানোর সম্ভাবনা সামনে রেখে বিকল্প গোলরক্ষকের সন্ধানও শুরু করেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরির পছন্দের তালিকায় রয়েছেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। পিএসজির সঙ্গে সুজুকির সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা আটকে যাওয়ায় তাকে দলে আনার সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে।
মার্তিনেজের দলবদল চূড়ান্ত হলে আগামী মৌসুমে গোলপোস্ট সামলানোর জন্য সুজুকিকেই গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করছেন এমেরি।
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে আগামী কয়েক দিনেই মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। জুভেন্টাস যেমন অ্যাস্টন ভিলার সঙ্গে চূড়ান্ত সমঝোতার চেষ্টা করছে, তেমনি ইংলিশ ক্লাবটিও সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।



