tanaka
প্রচ্ছদরাজনীতিজাতিসংঘের আল-কায়েদা সতর্কতা অনুমানের ওপর ভিত্তি করে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের আল-কায়েদা সতর্কতা অনুমানের ওপর ভিত্তি করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার সম্ভাব্য তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক সতর্কতাকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটির ভিত্তিতে আপাতত কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ তৈরির কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজে এখনো প্রতিবেদনটি পড়েননি। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে বাংলাদেশের বিষয়ে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তা অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে কোনো পর্যবেক্ষণ থাকতে পারে। তবে সেটি সরাসরি যাচাই না করে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা জরুরি। বিশেষ করে জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সমীচীন নয়।

বৈঠকে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।