চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলাতেও বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে খাগড়াছড়ি, বান্দরবান এবং দেশের অন্যান্য জেলার নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক দুটি বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটির পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরে আরেকটি বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করা হয়।
কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগে ১ জুলাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।



