tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদআন্তর্জাতিকঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার (২.২ বিলিয়ন ইউয়ান) ঘুষ গ্রহণের দায়ে চীনের এক সাবেক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার পূর্বাঞ্চলের চাংঝৌ শহরের আদালত এ রায় ঘোষণা করে। খবর বিবিসির।

দণ্ডপ্রাপ্ত ইয়াং ইউলিন (৬৯) ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আদালতের রায়ে বলা হয়, প্রায় তিন দশক ধরে তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্প, জমি হস্তান্তর ও অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ ঘুষ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন।

ঘুষ গ্রহণের পাশাপাশি সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগেও ইয়াংকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের মতে, তার অপরাধ ছিল অত্যন্ত গুরুতর এবং এতে রাষ্ট্র ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে বেইজিং।

চীনে আর্থিক অপরাধে মৃত্যুদণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে ১ বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ জড়িত গুরুতর দুর্নীতির মামলায় এ ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে। এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক কর্মকর্তা লাই শিয়াওমিন এবং ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে বড় অঙ্কের ঘুষ ও আত্মসাতের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়াং ইউলিন আদালতে নিজের অপরাধ স্বীকার করেন এবং শেষ বক্তব্যে অনুশোচনা প্রকাশ করেন। তবে তদন্তে সহযোগিতা করলেও তার অপরাধের ভয়াবহতা বিবেচনায় আদালত শাস্তি কমানোর কোনো সুযোগ দেখেনি।