tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গননটরডেম কলেজে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫

নটরডেম কলেজে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভালো ফল করলেও গত বছরের তুলনায় সাফল্যের সূচকে পিছিয়েছে রাজধানীর নটরডেম কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের ৯৯ দশমিক ৬৩ শতাংশের চেয়ে কম। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

কলেজটির ফিন্যান্স বিভাগের শিক্ষক রবিউল আউয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্যে জানান, এবারের পরীক্ষায় নটরডেম কলেজ থেকে মোট ৩ হাজার ২৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ২২৯ জন। সব মিলিয়ে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশে।

গত বছর পাসের হার ছিল ৯৯.৬৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নটরডেম কলেজের ফলাফল এ বছরের তুলনায় ভালো ছিল। ওই বছর প্রতিষ্ঠানটি থেকে ৩ হাজার ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে পাস করেন ৩ হাজার ২২৭ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪৬১ জন। সে বছর কলেজটির পাসের হার ছিল ৯৯ দশমিক ৬৩ শতাংশ।

জাতীয় ফলেও পাসের হার কমেছে

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২১ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এবারের ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।