tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে পাকিস্তানে পাঠানোর পর তাদের তালেবান শাসিত আফগানিস্তানে ফেরত পাঠানোর আশঙ্কা থাকায় এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার থেকেই বিমানে করে এসব শরণার্থীকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে মানবাধিকারকর্মী ও আটক শরণার্থীদের স্বজনদের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই আফগানদের পাকিস্তানে পাঠানো হতে পারে। মূলত কাতারের ‘ক্যাম্প আস সাইলিয়া’ নামের একটি শিবিরে দীর্ঘদিন ধরে অবস্থান করা আফগান শরণার্থীদের নিয়েই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে কয়েক দফায় সময় পিছিয়ে দেওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর আগামী কয়েক মাসের মধ্যে শিবিরটি খালি করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন আফগান শরণার্থীদের আফ্রিকার দেশ কঙ্গোতে পাঠানোর বিষয়টিও বিবেচনা করেছিল। উল্লেখ্য, দেশটিতে অতীতে ইবোলার মতো প্রাণঘাতী সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটেছে।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, পাকিস্তানে পাঠানোর পর এসব শরণার্থীকে তালেবান কর্তৃপক্ষ আটক করে আফগানিস্তানে ফিরিয়ে নিতে পারে। এ পরিস্থিতিতে আফগানদের পুনর্বাসনে কাজ করা সংগঠন ‘আফগানইভাক’ যুক্তরাষ্ট্র সরকারের পরিকল্পনার সমালোচনা করেছে।

সংগঠনটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ব্যস্ততার সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন গোপনে আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে। তাদের ভাষ্য, শরণার্থীদের বহনকারী বিমানগুলো কোথায় গিয়ে অবতরণ করবে, সে তথ্যও ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে। পাকিস্তানে পৌঁছানোর পর এসব মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর