tanaka
প্রচ্ছদরাজধানীউত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।

ডিএমপি জানিয়েছে, বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলন করবে ডিএমপি।

এর আগে গত রোববার (৯ আগস্ট) সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।