অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা পুনর্বহালের দাবিতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করছেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পুনঃপেনশন সুবিধা চালু করা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর-২ এলাকায় ব্যাংকটির প্রধান ফটকের সামনে জড়ো হন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। ‘গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এ অবস্থান ও গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন কার্যকর করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পুনঃপেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম। এ সময় পরিষদের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার পর আন্দোলনকারীরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের দুটি ফটকের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।



