চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল, মাছ ধরার দুটি নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
শনিবার দিবাগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। রোববার দুপুরে অভিযানের তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
তিনি জানান, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জাল, নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক জেলেদের মধ্যে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আরেকজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত সাত জেলে হলেন—রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর উদ্ধার করা মা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।



