tanaka
প্রচ্ছদরাজধানীতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১২ শিক্ষার্থীকে পুরস্কৃত করল বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব

তীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১২ শিক্ষার্থীকে পুরস্কৃত করল বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব

দেশের ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের তৃতীয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬। শুক্রবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারটি বিভাগে সেরা হয়ে মোট ১২ জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতার লিখিত পর্বে অংশ নেয়। অংশগ্রহণকারীদের চারটি বিভাগে ভাগ করা হয়। এর মধ্যে ছিল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির পরবর্তী পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও ডে গ্রুপের চেয়ারম্যান এমএ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক একেএম এনায়েত কবির। বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের সভাপতি এটিএম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক ড. সোলায়মান কবির। আয়োজনটিতে সহযোগিতা করে আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড।

চার বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা

প্রতিযোগিতার এ বিভাগে প্রথম হয়েছে শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের তাইয়্যিবা। দ্বিতীয় স্থান অর্জন করেছে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের ফাতহান বাশার এবং তৃতীয় হয়েছে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের জহরত মানহা।

বি বিভাগে শীর্ষস্থান দখল করেছে রাজউক উত্তরা মডেল কলেজের আব্দুল্লাহ আইয়ান সাদ। দ্বিতীয় হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের তাহমিদুল হাসান জারিফ এবং তৃতীয় স্থান পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মারজিয়া আজিজ তুফা।

সি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে রাজউক উত্তরা মডেল কলেজের তাসনিম তাহিরা। এ বিভাগে দ্বিতীয় হয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের রাফিন সালমান মজুমদার এবং তৃতীয় হয়েছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামিয়া খান।

ডি বিভাগে প্রথম হয়েছে ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরীন ইরা। দ্বিতীয় স্থান অর্জন করেছে মাইলস্টোন কলেজের মো. সজিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. নাহিদ হোসেন।

জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোই আয়োজনের লক্ষ্য

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের বাইরেও দেশ-বিদেশের ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, সংস্কৃতি ও সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে জানার আগ্রহ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।