tanaka
প্রচ্ছদসারাদেশসহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দাবি, ১৮ অক্টোবর সংবাদ সম্মেলন

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দাবি, ১৮ অক্টোবর সংবাদ সম্মেলন

সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’। একই সঙ্গে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাবে সংগঠনটি।

আগামী ১৮ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব দাবি ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হবে।

পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার ভিত্তি তৈরি করে, আর শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু সরকারের সুস্পষ্ট আশ্বাস ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার দ্রুত তিন দফা দাবি মেনে নেওয়ার উদ্যোগ নেবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রত্যাশা করেন তিনি।