জমকালো ফাইনাল ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা, দলীয় বোঝাপড়া ও জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। খেলা ঘিরে পুরো স্টেডিয়ামে বিরাজ করে উৎসবের আমেজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়ানুরাগী, আমন্ত্রিত অতিথি ও আয়োজকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবিজি স্পোর্টস সিটি। দর্শকদের সরব উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতি উৎসাহ-সমর্থনে ফাইনালের উত্তাপ আরও বেড়ে যায়।
ফাইনাল শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহসহ দেশের খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্বরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ক্রিকেট ও ফুটবল—দুই প্রতিযোগিতার শীর্ষস্থান অর্জনকারী দলগুলোর জন্য ছিল নির্ধারিত অর্থ পুরস্কার। এ ছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে ম্যাচসেরা, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা খেলোয়াড়সহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব দেখানো খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের চর্চা বাড়ানো, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এবারের আসর।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের অগ্রগতি এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করতে সহায়ক হবে। আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ জানান তারা।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
-
চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
-
রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি
-
ম্যাচসেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)
-
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
-
টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)
-
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
-
ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)



