আগামী ২৩ নভেম্বর এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফল উন্নত হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় যাতে নষ্ট না হয়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেশনজট কমিয়ে আনার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, পাট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এটি পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ। পাটের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পাটতন্তু দিয়ে তৈরি পণ্যের বহুমুখীকরণ জরুরি। এ ক্ষেত্রে নতুন নতুন পণ্য উদ্ভাবন ও অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে গবেষকদের আরও বেশি গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এ বিনিয়োগ আরও বাড়ানো হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে গবেষকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফাসানি।



