tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনসাময়িক বরখাস্তের পর নিরপেক্ষ তদন্ত দাবি ঢাবি কর্মচারী আমানুল্লাহর

সাময়িক বরখাস্তের পর নিরপেক্ষ তদন্ত দাবি ঢাবি কর্মচারী আমানুল্লাহর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার দিন তার দাপ্তরিক দায়িত্ব পালন ও চলাচলের বিস্তারিত তুলে ধরে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে আমানুল্লাহ এসব দাবি করেন। পোস্টে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেননি, কাউকে সহায়তাও করেননি। এমনকি এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

ঘটনার দিন নিজের অবস্থান ও কার্যক্রমের বিবরণ দিয়ে আমানুল্লাহ জানান, ২০২৬ সালের ১০ নভেম্বর সকাল ৯টায় তিনি নিয়মিতভাবে অফিসে উপস্থিত হন। পরে অফিসপ্রধান ও এস্টেট ম্যানেজার ফাতিমা বিনতে মোস্তফার নির্দেশে সহকারী এস্টেট ম্যানেজার আব্দুর রহিম, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান এবং পিয়ন সুজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাসংক্রান্ত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন।

তার দাবি অনুযায়ী, প্রথমে ইন্টারন্যাশনাল হল ও প্রভোস্ট কমপ্লেক্স পরিদর্শন করেন তারা। এরপর বিজনেস ফ্যাকাল্টি, কলাভবন, ডাকসু ও মধুর ক্যান্টিনসহ শাহবাগ থেকে দোয়েল চত্বর, কার্জন হল, মল চত্বর এবং মুকাররম ভবন এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। যেসব জায়গায় ময়লা-আবর্জনা জমে ছিল, সেগুলোর ছবি তোলার পাশাপাশি খাতায় স্থানগুলোর নাম ও প্রয়োজনীয় তথ্য লিখে রাখেন। দায়িত্ব শেষে দুপুর ১টা ১০ মিনিটে অফিসে ফেরেন।

আমানুল্লাহ আরও জানান, দুপুর ১টা ২০ মিনিটে তিনি দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকার বাসায় প্রবেশ করেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বাসায় প্রবেশের সময় নিশ্চিত হওয়া যাবে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, দুপুর ২টা ৪৫ মিনিটে নিরাপত্তা কর্মকর্তা মনির ফোন করে তাকে অফিসে যেতে বলেন। ফোন পাওয়ার পাঁচ মিনিট পর, অর্থাৎ ২টা ৫০ মিনিটে বাসা থেকে বের হয়ে অফিসে পৌঁছান তিনি। পরে নিরাপত্তা কর্মকর্তার দাপ্তরিক প্রয়োজনে তার সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডে যান। সেখান থেকে বিকেল পৌনে ৪টার দিকে অফিসে ফিরে আসেন।

অফিসে ফেরার পর এস্টেট ম্যানেজার ফোন করে তাকে উপাচার্যের কার্যালয়ে যেতে বলেন। নির্দেশনা অনুযায়ী সেখানে গিয়ে শিবিরের নেতাকর্মীদের আন্দোলন করতে দেখেন বলে জানান আমানুল্লাহ। তার দাবি, ওই পরিস্থিতিতে সেখানে অবস্থান করলে বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি সেখান থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

নিজের পক্ষে যুক্তি তুলে ধরে আমানুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিনও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দাপ্তরিক কাজেই বিভিন্ন স্থানে গিয়েছিলেন। ওই দিনের কার্যক্রম, অবস্থান ও যাতায়াতের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য, অফিসের নথি, ফোনকলের তথ্য এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাচাই করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিলেন—শুধু এই তথ্যের ভিত্তিতে তাকে অপরাধে জড়িত বলা যায় না। ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ, প্রত্যক্ষ বা প্রাসঙ্গিক সাক্ষ্য এবং নিরপেক্ষ তদন্তের ভিত্তিতেই দায় নির্ধারণ করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো কোনো কর্মকাণ্ডে জড়িত নন বলেও দাবি করেন আমানুল্লাহ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা জানিয়ে আত্মপক্ষ সমর্থনের পূর্ণাঙ্গ ও যথাযথ সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি।

এ ছাড়া ঘটনার দিন তার সঙ্গে দায়িত্ব পালন করা সহকারী এস্টেট ম্যানেজার, প্রধান সহকারী ও পিয়ন এবং নিরাপত্তা কর্মকর্তা মনিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার অনুরোধ করেছেন তিনি। নিরপেক্ষ তদন্তে অভিযোগের সত্যতা না মিললে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া এবং চাকরিসংক্রান্ত বিষয়ে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানিয়েছেন।

ফেসবুক পোস্টের শেষাংশে আমানুল্লাহ বলেন, তিনি কোনো অন্যায় সুবিধা চান না; বরং প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ প্রত্যাশা করেন।

উল্লেখ্য, আমানুল্লাহ জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবেও পরিচিত। ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিলে তাকে অংশ নিতে দেখা গিয়েছিল।