বায়ুদূষণ পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। দূষিত বাতাসে থাকা অতি সূক্ষ্ম পিএম ২.৫ কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, এসব কণা ও এর সঙ্গে থাকা রাসায়নিক উপাদান রক্তপ্রবাহে মিশে শরীরের অন্যান্য অঙ্গেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার মতে, বায়ুদূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে ফুসফুস ও হৃদ্যন্ত্রের। পাশাপাশি মস্তিষ্কের রক্তনালিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ফুসফুস, হৃদ্যন্ত্র ও মস্তিষ্কে কী প্রভাব পড়ে?
ফুসফুস: দূষিত বাতাস শ্বাসনালিতে প্রদাহ তৈরি করতে পারে। এর ফলে শ্বাসনালির পেশি সংকুচিত হয়ে ব্রঙ্কোস্পাজম দেখা দিতে পারে। এতে শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ বা হুইজিং হতে পারে। যাঁদের আগে থেকেই হাঁপানি কিংবা সিওপিডি রয়েছে, তাঁদের উপসর্গ আরও তীব্র হওয়ার আশঙ্কা থাকে।
হৃদ্যন্ত্র: বায়ুদূষণের কারণে হৃদস্পন্দন ও রক্তচাপে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে রক্তনালিতে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়তে পারে। দীর্ঘ সময় দূষিত বাতাসে থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পায়।
মস্তিষ্ক: দূষিত বাতাসের প্রভাবে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
বায়ুদূষণে যেসব উপসর্গ দেখা দিতে পারে
দূষিত বাতাসের সংস্পর্শে এলে শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি ও শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। যেমন—
-
চোখে জ্বালাপোড়া;
-
গলাব্যথা ও গলায় অস্বস্তি;
-
দীর্ঘস্থায়ী কাশি;
-
শ্বাস নিতে কষ্ট হওয়া;
-
শ্বাসের সঙ্গে শিসের মতো শব্দ;
-
বুকে চাপ অনুভব করা;
-
মাথাব্যথা।
বিশেষজ্ঞের ভাষ্য অনুযায়ী, হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হঠাৎ অ্যাজমা অ্যাটাক হতে পারে। অন্যদিকে, সিওপিডি রোগীদের কাশি, কফ ও শ্বাসকষ্ট আগের তুলনায় বেড়ে যেতে পারে।
দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে যেসব ঝুঁকি বাড়ে
পিএম ২.৫-সহ ক্ষুদ্র দূষণকারী কণার সংস্পর্শে দীর্ঘদিন থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে পারে। এর পাশাপাশি দেখা দিতে পারে নানা জটিলতা। যেমন—
-
হাঁপানির প্রদাহ ও উপসর্গ আরও বেড়ে যাওয়া;
-
সিওপিডি রোগীর শারীরিক অবস্থার অবনতি এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন;
-
ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি;
-
হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা বেড়ে যাওয়া;
-
দীর্ঘস্থায়ী কাশি, কফ, ক্লান্তি ও শ্বাসনালির সংক্রমণ।
স্বল্প সময়ের দূষণেও কি ফুসফুস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়?
ডা. মালবিকার মতে, অল্প সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকার কারণে অধিকাংশ মানুষের ফুসফুসে যে সামান্য প্রদাহ বা ফোলাভাব তৈরি হয়, তা সাধারণত সাময়িক। দূষিত পরিবেশ থেকে সরে এলে ধীরে ধীরে এর প্রভাব কমে আসতে পারে।
তবে আগে থেকেই ফুসফুসের রোগ রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতা গুরুতর হওয়ার আশঙ্কা বেশি। ফুসফুসের ক্ষতি কতটা সেরে উঠবে, তা নির্ভর করে দূষণের মাত্রা, কত দিন দূষিত বাতাসে থাকতে হয়েছে এবং ব্যক্তির আগে থেকে শ্বাসতন্ত্র বা হৃদ্রোগ রয়েছে কি না—এসব বিষয়ের ওপর।
ফুসফুসের টিস্যুতে গুরুতর ক্ষত বা ফাইব্রোসিস তৈরি হলে দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে যেতে পারে।
বায়ুদূষণজনিত সমস্যার চিকিৎসা কী?
রোগীর শারীরিক অবস্থা, উপসর্গ এবং পরীক্ষার ফল বিবেচনা করে চিকিৎসা নির্ধারণ করা হয়। সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসক যেসব ব্যবস্থা নিতে পারেন—
-
শ্বাসনালি সংকুচিত হলে ব্রঙ্কোডাইলেটর ওষুধ;
-
রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে অক্সিজেন থেরাপি;
-
শারীরিক পরিশ্রমের সময় শ্বাসকষ্ট হলে পালমোনারি রিহ্যাবিলিটেশন;
-
হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট জটিলতা অনুযায়ী চিকিৎসা।
তবে দূষিত বাতাসের সংস্পর্শে এলেই আগাম অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কিংবা নেবুলাইজেশন নেওয়া উচিত নয়। উপসর্গ ও প্রয়োজনীয় পরীক্ষার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।
যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবেন
বায়ুদূষণের সংস্পর্শে আসার পর কিছু উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। বিশেষ করে—
-
তীব্র শ্বাসকষ্ট অথবা পুরো বাক্য বলতে না পারা;
-
বুকে ব্যথা;
-
মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়া;
-
শ্বাস নেওয়ার সময় তীব্র শিসের মতো শব্দ;
-
চিকিৎসকের দেওয়া ওষুধ ব্যবহারের পরও উপসর্গ না কমা;
-
রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া।
বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে দূষিত পরিবেশে অবস্থানের সময় যতটা সম্ভব সীমিত রাখা জরুরি। পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



