tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনস্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তার অভিযোগ, মন্ত্রণালয় কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বা অব্যাহতির দাবি জানান তিনি।

পোস্টে সাদিক কায়েম লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর অবস্থায় রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও স্বরাষ্ট্রমন্ত্রী সঠিকভাবে জানেন না।

তিনি প্রশ্ন তোলেন, মন্ত্রীর এই অবস্থান চরম অযোগ্যতার বহিঃপ্রকাশ, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বপরিকল্পনা থেকে তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে অবগত হচ্ছেন না—তা জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন। একই সঙ্গে তাকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান ডাকসু ভিপি।

এর আগে মঙ্গলবার নিজের আরেকটি ফেসবুক পোস্টে সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন অপতৎপরতা চলার অভিযোগ করেন সাদিক কায়েম। এসব ঘটনায় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো রহস্যজনকভাবে নিষ্ক্রিয় রয়েছে। সরকারের পক্ষ থেকেও একধরনের নীরব প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন।

ওই পোস্টে তিনি আরও দাবি করেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। চলমান নাশকতার বিষয়ে তাদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদাসীনতাকে চরম দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেন সাদিক কায়েম। পোস্টের শেষাংশে তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে দিনের বেলায়ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের নিজ নিজ পদে থাকার নৈতিক অধিকার নেই।