‘পূবাইল বাজারের বকেয়া ভিক্ষা দ্রুত পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে’—এমনই ব্যতিক্রমী ঘোষণা দিয়ে মাইক হাতে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তার রসিকতাপূর্ণ মাইকিংয়ে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে তৈরি হয়েছে হাস্যরস ও কৌতূহল।
শনিবার (৭ নভেম্বর) সকালে পূবাইল বাজারের বিভিন্ন এলাকায় এক হাতে লাঠি এবং অন্য হাতে মাইক নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখা যায় মোশাররফকে। দুই চোখে দৃষ্টিশক্তি না থাকলেও মাইকে তার সাবলীল বক্তব্য ও অভিনব ঘোষণার কারণে সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
সরকারি বিজ্ঞপ্তির ঢঙে মাইকে মোশাররফ ঘোষণা দিচ্ছেন, ‘পূবাইল বাজারের যেসব ব্যবসায়ী ২০২৬ সালের ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না!’
শুধু বকেয়া আদায়ের ঘোষণাই নয়, ভিক্ষা গ্রহণের জন্য নির্দিষ্ট সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও বেঁধে দিয়েছেন তিনি। তার ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা নেওয়া হবে না। এ ছাড়া সর্বনিম্ন পাঁচ টাকা ভিক্ষা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মোশাররফের এমন অভিনব প্রচারণা দেখে বাজারের অনেকেই দাঁড়িয়ে পড়েন। কেউ তার কথায় হাসিতে মেতে ওঠেন, আবার কেউ মোবাইল ফোনে পুরো দৃশ্য ধারণ করেন। কৌতূহল থেকে অনেক ব্যবসায়ী ও পথচারী তাকে অর্থসহায়তাও দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টাকা হাতে পাওয়ার পর স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন মোশাররফ।
পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘ভিক্ষা করতে অনেক মানুষকেই দেখেছি। তবে মাইক হাতে এভাবে ঘোষণা দিয়ে ভিক্ষা চাইতে আগে কখনো দেখিনি। তার কথাবার্তা বেশ মজার, তাই মানুষও আগ্রহ নিয়ে শুনছে।’
এক পথচারী জানান, প্রথমে তার মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। পরে বুঝতে পারেন, এটি আসলে ভিক্ষা সংগ্রহের অভিনব পদ্ধতি।
জীবিকার প্রয়োজনে মোশাররফের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন পূবাইল বাজারের মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মাইকিংয়ের ‘ভিক্ষা আদায়ের আলটিমেটাম’ ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।



