কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। আমির হামজা তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন ফরিদা। এ ঘটনায় দলের অনুমতি পেলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, ‘উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ।’
ফরিদা ইয়াসমিন আরও বলেন, জনপ্রতিনিধিদের বক্তব্য ও আচরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনপ্রতিনিধিদের আচরণ অনুসরণ করেন বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজা তাঁকে ও তাঁর দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন ফরিদা ইয়াসমিন। এ বিষয়ে দলের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার কথা জানিয়ে তিনি বলেন, তাঁকে ও দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার ঘটনায় উপযুক্ত বিচার চান। দলের অনুমতি পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি দৌলতপুরে একটি সভায় দেওয়া মুফতি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ওই বক্তব্যে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি ফরিদা ইয়াসমিনের উদ্দেশে তাঁর সরাসরি ভোট নেই বলেও মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া একই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির হামজা। ডিসি, এসপি, ইউএনও ও ওসিসহ সরকারি কর্মকর্তাদের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের পাশ কাটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা না দেওয়ার আহ্বান জানান তিনি।



