শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অক্টোবরে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এর মধ্যে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিলেই এই দীর্ঘ অবকাশ পাওয়া সম্ভব।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস। এই দিনে এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে তার সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করা যাবে।
অর্থাৎ, ২০ ও ২১ অক্টোবরের পূজার সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবর এক দিনের সিএল এবং ২৩-২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের অবকাশ পাওয়া সম্ভব।
এ ছাড়া সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে। ফলে ছুটির পরিকল্পনা অনুযায়ী তারা আরও দীর্ঘ সময় অবকাশ কাটানোর সুযোগ পেতে পারেন।



