tanaka
প্রচ্ছদরাজনীতিসরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

সরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

ভোলার লালমোহন উপজেলায় সরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগে দলীয় পদ হারিয়েছেন রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শনিবার (৩১ অক্টোবর) রাতে ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা এবং দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে লালমোহন উপজেলার কর্তারহাট থেকে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্ত করতে কিছু গাছ কাটার প্রয়োজন দেখা দিলে উপজেলা রেঞ্জ কর্মকর্তাকে চিঠি দিয়ে কাটার উপযোগী গাছের সংখ্যা ও সম্ভাব্য মূল্য নির্ধারণের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ওই নির্দেশনা অনুযায়ী সরেজমিন পরিদর্শন করে ২৪টি গাছ কাটার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়। তবে অভিযোগ উঠেছে, কোনো ধরনের টেন্ডার ছাড়াই রেইনট্রি, মেহগনি ও চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নিয়ে যান যুবদল নেতা জসিম উদ্দিন। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জসিম উদ্দিন। তাঁর দাবি, গাছ কাটার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, সড়কের পাশের গাছ কাটার জন্য কোনো টেন্ডার দেওয়া হয়নি। এরপরও একটি চক্র গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।