বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে তার জন্ম। ডাকনাম ছিল ‘কমল’। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে দলটি দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান ছিলেন পেশায় একজন রসায়নবিদ। শৈশব ও কৈশোরে বগুড়া ও কলকাতায় বসবাসের পর তিনি বাবার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করে সামরিক বাহিনীতে যোগ দেন।
বর্ণাঢ্য সামরিক ও রাজনৈতিক জীবনের অধিকারী জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে সময়ের প্রয়োজনে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। তার গড়া এই রাজনৈতিক দলটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নানা প্রতিকূলতা অতিক্রম করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সততা, দেশপ্রেম, সাহসিকতা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়ার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।
১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাতবরণ করেন এ রাষ্ট্রনায়ক। তাকে রাজধানীর শেরেবাংলা নগরে সমাহিত করা হয়।



