জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে পরাজিত প্রার্থী ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নেতা আরিফুল্লাহ আদিব বলেছেন, “এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নাম শুনলেই পাখির মতো গুলি করে মারা হয়। অথচ অতিথি পাখি হত্যার বিচার হয়।”
শনিবার রাতে ফলাফল ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে আদিব ২ হাজার ৩৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন।
আদিব জানান, এবার পূর্ণাঙ্গ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের ২৫ জনের মধ্যে ২০ জন বিজয়ী হয়েছেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ভাইবোনদের ধন্যবাদ জানাই। আহতদের জন্য দোয়া করি।”
তিনি আরও বলেন, ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শিবির করার কারণে দেড় শতাধিক নেতাকর্মীকে ছাত্রত্ব ছাড়াই ক্যাম্পাস ত্যাগ করতে হয়েছে। ১৯৯৪ সালের ১৬ আগস্ট ভর্তি পরীক্ষার ভাইভা দিতে এসে শিবির সন্দেহে কামরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয় বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া আরেক কর্মীকে শেখ হাসিনার আমলে পুলিশের গুলিতে পঙ্গু হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে কার্যক্রম শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এর আগে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করতেন, শিবির এখানে নিষিদ্ধ। তবে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করা হয়নি।



