রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সেখানে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১.৭ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।
ভূমিকম্পের পর অঞ্চলটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসেও কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।



