নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। অন্যদিকে, ময়নাতদন্তের জন্য বুধবার রাতে নিহত দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত তা সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন স্বজন ও পুলিশ।
এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে কালিয়া উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা জাসাসের নেতা সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।
স্বজন ও বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালিয়া পৌর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর এলাকার বেন্দারচরে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় সোহেল রানা ও শাহীনুর ইসলামকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে বড় কালিয়ায় নিজ বাড়িতে ভাইয়ের মৃত্যুর শোকে আহাজারি করছিলেন নিহত সোহেল রানার বোন জ্যোতি খানম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘লাশ নেব না। আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইকে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের গলা কাটা, হাত-পায়ের রগ কাটা, মাথায় গুলি। আমার সোনার টুকরো ভাই, আমার ভাইয়ের মনে যে কী মায়া! সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই। আমারে যারা ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো মানুষ ভাইহারা না হয়।’
ওই বাড়িতে দাঁড়িয়ে আরেক স্বজন অভিযোগ করেন, মোটরসাইকেল নিয়ে মিছিল করতে যাওয়ার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এবং সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির অনুসারী বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন ওই স্বজন।
অন্যদিকে, নিহত শাহীনুর ইসলামের স্ত্রী রিমা খাতুন স্বামী হারানোর শোক ও অসহায়ত্বের কথা তুলে ধরেন। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ‘ঘটনা সবাই জানবে-শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভেতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে না। আমার সন্তান বাপ হারাইছে। আমি দশ বছরের সংসার হারাইছি।’
শাহীনুরের বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে মিছিলে গিয়েছিলেন তার ছেলে। সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির কাছের একটি মোড়ে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। হত্যাকারীদের গ্রেফতারে জোরদার অভিযান চলছে। অচিরেই এ বিষয়ে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।



