ইসলামে বিয়ে শুধু সামাজিক কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি পবিত্র ইবাদত এবং পরিবার ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানবজীবনে শৃঙ্খলা, প্রশান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় বিয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণে সামর্থ্যবান যুবকদের অযথা বিলম্ব না করে বিয়ের প্রতি উৎসাহিত করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
অর্থাৎ, ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য রয়েছে, সে যেন বিয়ে করে। কারণ বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার বিয়ের সামর্থ্য নেই, সে যেন রোজা পালন করে। কেননা রোজা তার যৌবনের উত্তেজনা প্রশমিত করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৫; সহিহ মুসলিম, হাদিস: ১৪০০)
বিয়ের অনুষ্ঠানে টাকা দেওয়া কি সদকা হিসেবে গণ্য হবে?
এ বিষয়ে এক ব্যক্তি জানতে চেয়েছেন, পরিচিত একজন তাকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে উপস্থিত হলে অর্থ বা উপহার দিতে হয়। অন্যদিকে দাওয়াতে অংশ না নিলে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। এমন অবস্থায় সম্মান রক্ষার জন্য উপহার হিসেবে টাকা দিলে কি সদকার সওয়াব পাওয়া যাবে?
প্রশ্নটির উত্তরে গাজীপুরের মিরাশপাড়ার বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম বলেন, ইসলামে বিয়ের ওলিমার দাওয়াত গ্রহণ করা সুন্নত। তবে বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে অর্থ বা উপহার দেওয়ার একটি প্রচলন তৈরি হয়েছে। এমনকি উপহার না দিলে কিংবা অনুষ্ঠানে উপস্থিত না থাকলে সামাজিক লজ্জা ও অপমানের আশঙ্কাও থাকে।
তিনি বলেন, উপহার দেওয়া মূলত মানুষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর একটি সুন্দর মাধ্যম। কিন্তু যখন এটিকে সামাজিক চাপ কিংবা বাধ্যতামূলক রীতিতে পরিণত করা হয়, তখন উপহার দেওয়ার মূল উদ্দেশ্য ও দাওয়াতের সুন্নতি চেতনা ক্ষতিগ্রস্ত হয়।
তবে এমন পরিস্থিতিতে নিজের সম্মান রক্ষা এবং অন্য মুসলমানের মন খুশি করার উদ্দেশ্যে অর্থ বা উপহার দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান পাওয়ার আশা করা যায়।
এ বিষয়ে হাদিসে কী বলা হয়েছে?
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করে মুফতি সিরাজুল ইসলাম বলেন—
وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة
অর্থ: ‘যে অর্থ ব্যয়ের মাধ্যমে কোনো মুসলমান নিজের সম্মান ও মর্যাদা রক্ষা করে, তার জন্য সেটিকে সদকা হিসেবে লিপিবদ্ধ করা হয়।’
হাদিসটি জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। সূত্র: আল-মুনতাখাব মিন মুসনাদে আবদ ইবনে হুমাইদ, তাহকিক: সুবহি আস-সামাররাই, পৃষ্ঠা: ৩২৭।
হাদিসের ব্যাখ্যায় ইবনুল মুনকাদির উল্লেখ করেছেন, কবি কিংবা কথার মাধ্যমে কাউকে বিব্রত বা অপমান করতে পারে এমন ব্যক্তিকে অর্থ দেওয়ার বিষয়টিও এর অন্তর্ভুক্ত হতে পারে।
সুতরাং বিয়ের অনুষ্ঠানে সামাজিক সম্মান বজায় রাখা, অপমান বা লোকলজ্জা এড়ানো কিংবা অন্য মুসলিম ভাইয়ের মন খুশি করার উদ্দেশ্যে অর্থ বা উপহার দিলে সদকার সওয়াব পাওয়ার আশা করা যায়, ইনশাআল্লাহ।
তবে উপহার দেওয়াকে বাধ্যতামূলক মনে করা বা অন্যের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা ইসলামের উপহার প্রদানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সূত্র: মুসলিম বাংলা।



