বিমানযাত্রা মানেই সাধারণত বিমানবন্দর, দীর্ঘ রানওয়ে ও নানা আনুষ্ঠানিকতা। তবে এবার সেই প্রচলিত ধারণা বদলে দিতে আসছে নতুন প্রযুক্তির উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইলেকট্রা’ তৈরি করছে ‘ইএল৯ আল্ট্রা শর্ট’ নামের একটি হাইব্রিড-ইলেকট্রিক বিমান। বিশেষত্ব হলো, এটি ওঠানামার জন্য প্রচলিত বিমানবন্দরের দীর্ঘ রানওয়ের পরিবর্তে মাত্র ১৫০ ফুট সমতল জায়গা ব্যবহার করতে পারবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তি ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য।
একসঙ্গে ৯ যাত্রী, চলবে হাইব্রিড প্রযুক্তিতে
ইলেকট্রার তৈরি ইএল৯ আল্ট্রা শর্টে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। উড়োজাহাজটি একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল বহন করতে পারবে। একবার যাত্রা শুরু করলে এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে সক্ষম।
এর বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই গ্যাস টারবাইনের সাহায্যে ব্যাটারি চার্জ হতে থাকবে। ফলে সাধারণ উড়োজাহাজের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম জ্বালানি খরচ হবে। অন্যদিকে, হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ।
শব্দদূষণের দিক থেকেও এটি বেশ সুবিধাজনক। নির্মাতাদের দাবি, উড়োজাহাজটির শব্দ অনেকটা ঘরের ভ্যাকুয়াম ক্লিনারের মতো।
মাত্র কয়েক সেকেন্ডেই পাঁচ-ছয়তলা উচ্চতায়
বিমানটির ডানায় স্থাপন করা হয়েছে আটটি পাখা। এগুলোর সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতেই এটি লিফটের মতো সোজা ওপরের দিকে উঠে যেতে পারে। উড্ডয়নের মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যে পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতা রয়েছে এর।
এই প্রযুক্তির ফলে প্রচলিত বিমানবন্দরের পরিবর্তে হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিং এলাকাকেও উড্ডয়ন ও অবতরণের স্থান হিসেবে ব্যবহার করা সম্ভব হতে পারে। এতে মাঝারি দূরত্বের যাত্রায় যানজট ও বিমানবন্দরের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
গত অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামা করে। প্রতিষ্ঠানটির দাবি, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে পৌঁছাতে এই উড়োজাহাজের সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা সাধারণ ফ্লাইটে যাতায়াতের তুলনায় এটি দ্বিগুণেরও বেশি দ্রুত হতে পারে বলে দাবি করা হয়েছে।
২ হাজার ২০০টির বেশি আগাম অর্ডার
ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন ইএল৯ আল্ট্রা শর্টের ২ হাজার ২০০টিরও বেশি উড়োজাহাজের অগ্রিম অর্ডার দিয়েছে। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে উড়োজাহাজটির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীরা এতে ভ্রমণের সুযোগ পাবেন।
সামরিক কাজেও ব্যবহার হবে নতুন উড়োজাহাজ
শুধু বাণিজ্যিক যাত্রী পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় তুলনামূলক নিঃশব্দে সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে।
এ ছাড়া মাটিতে অবস্থান করার সময় উড়োজাহাজটি জেনারেটর হিসেবেও কাজ করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে একসঙ্গে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
তবে প্রযুক্তিগত সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে এখনই এটি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসছে না। প্রতিটি উড়োজাহাজের আনুমানিক দাম প্রায় ১ কোটি ডলার। ফলে ব্যক্তিগত মালিকানায় এমন বিমান ব্যবহারের জন্য আগ্রহীদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।
সূত্র: সিএনএন।



