পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও দলটির সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত দেড় সপ্তাহে দেশের অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং অন্তত ২৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ যখন চাপে রয়েছে, তখন সীমান্ত পেরিয়ে আওয়ামী লীগের এক নেতার দেশে প্রবেশ এবং নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ নতুন করে সীমান্ত নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে।
এ পরিস্থিতিতে দেশের সব সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম।
সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে সিলেটের রাতারগুল এলাকার ‘স্কয়ার রিসোর্টে’ গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশের সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একজন পলাতক নেতা কীভাবে সংশ্লিষ্ট বাহিনীর নজর এড়িয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন, তা নিয়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রঞ্জিত সরকারের দেশে প্রবেশ ও বৈঠকের বিষয়ে আগে থেকে পুলিশ, গোয়েন্দা সংস্থা কিংবা বিজিবির কাছে কোনো তথ্য ছিল না। ঘটনা প্রকাশ্যে আসার পর সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে রিসোর্টে বৈঠকে অংশ নেওয়া অন্য নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে দায়িত্ব পালনকারী গোয়েন্দা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো পলাতক নেতা অবৈধভাবে দেশে প্রবেশ করে এ ধরনের বৈঠক করতে না পারেন, সে লক্ষ্যেই নজরদারি জোরদার করা হয়েছে।
রঞ্জিত সরকারের ঘটনার পর গত মঙ্গলবার দেশের সব সীমান্ত জেলার পুলিশ সুপার (এসপি), কমিশনার ও উপমহাপরিদর্শকদের (ডিআইজি) বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। সীমান্তের ওপার থেকে যাতে কোনো অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে কারা দেশে প্রবেশ করছেন এবং কারা বের হচ্ছেন, সে বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
পুলিশের পাশাপাশি বিজিবির প্রতিটি ব্যাটালিয়নকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকাকে কেন্দ্র করে অস্থিরতা ছড়ানোর পরিকল্পনার অভিযোগ
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের মূল লক্ষ্য রাজধানী ঢাকা। রাজধানীকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করে তা দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। এ উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত পলাতক নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
অভিযোগ রয়েছে, এসব নেতাকর্মীর থাকার জন্য বিভিন্ন মেস, ছাত্রাবাস, হোটেল ও বাসা ভাড়া এবং খাওয়ার খরচ দেওয়া হচ্ছে। পাশাপাশি মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের বাইরে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হলে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে।
এসব কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বাসে আগুন দেওয়া কিংবা ককটেল বিস্ফোরণের ভিডিও ধারণ করে বিদেশে পাঠানোর নির্দেশনা রয়েছে বলেও দাবি করেছে সূত্রগুলো।
সূত্রগুলোর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকেই পরিচিত নেতাকর্মীদের আড়ালে রেখে নতুন মুখ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের দিয়ে নাশকতা, মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশ ঢাকার বাইরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের আগে ককটেল বিস্ফোরণ কিংবা যানবাহনে অগ্নিসংযোগের অভিজ্ঞতা না থাকলেও তাদের এসব কর্মকাণ্ডের কৌশল শেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নাশকতা মোকাবিলায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন
গত কয়েক দিনে ধারাবাহিক নাশকতার ঘটনায় পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। নাশকতাকারীরা আগে থেকে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সিসিটিভি ক্যামেরা নেই—এমন স্থান বেছে নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
এ কারণে অনেক ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়ছে। একের পর এক ঘটনার পরও অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারায় জনমনে উদ্বেগ বাড়ছে।
অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক আন্দোলন এত বড় আকার ধারণ করতে পারে, সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল বলে অভিযোগ রয়েছে। আন্দোলন বিস্তৃত হওয়ার পরও পরিস্থিতি কোন দিকে যেতে পারে, তা নিরূপণেও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছে।
পুলিশের দাবি, শ্রমিক অসন্তোষ ও নাশকতার বিভিন্ন ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তবে যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশের তৎপরতার গতি নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করছেন, ধারাবাহিক এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, নাশকতামূলক কর্মকাণ্ডের বিস্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর মধ্যে রঞ্জিত সরকারের দেশে প্রবেশ ও গোপন বৈঠকের অভিযোগ সীমান্ত নিরাপত্তার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান মানবজমিনকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর সীমান্তে নিয়মিত নজরদারির পাশাপাশি ব্যাটালিয়নগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে। টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। সবার সহযোগিতায় সীমান্তে যেকোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করছে।



