tanaka
প্রচ্ছদজাতীয়কুমিল্লাকে বিভাগ ঘোষণার সময় জানতে চাইলেন এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লাকে বিভাগ ঘোষণার সময় জানতে চাইলেন এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী হিসেবে ঘোষণার দীর্ঘদিনের দাবি এখনো বাস্তবায়িত না হওয়ায় জাতীয় সংসদে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ বিষয়ে সরকারের কাছে সরাসরি প্রশ্ন তুলে তিনি জানতে চেয়েছেন, কবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি কুমিল্লার প্রশাসনিক মর্যাদা বৃদ্ধি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা এখনো মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। মহানগরী হিসেবে পরিচিতি থাকলেও অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী গঠন করা হলেও অনেক সেবা এখনো উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে। তিনি বিষয়টিকে কুমিল্লার জনগণের প্রতি অবিচার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে ১২ জন সংসদ সদস্য যৌথভাবে সরকারকে চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ বা কার্যকর সমাধান পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য বলেন, মাত্র এক মাসের মধ্যে কক্সবাজারকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। একইভাবে আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরীর স্বীকৃতি দেওয়া হবে বলে তিনি প্রত্যাশা করেন।

দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার অভিজ্ঞতা তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’

তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি ওঠার পর দেশের বিভিন্ন স্থানে নতুন বিভাগ গঠিত হয়েছে। এ বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি কুমিল্লার মানুষের মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ চান।

সরকারের উদ্দেশে সরাসরি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’

বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’

এ সময় সংসদে উপস্থিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’