মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের এক অনন্য সংগ্রামী নেতা। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় ছিল সংগ্রামে পরিপূর্ণ। বিশ্ব ইতিহাসে তাঁর মতো নেতা আর আসবেন না বলে মন্তব্য করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে এ আয়োজন করা হয়। এর আগে সকালে তিনি মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন।
আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানীকে যথাযথভাবে উপলব্ধি করতে হলে বাংলাদেশ ও এ দেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশ এবং ভাসানী প্রকৃত অর্থেই এক অবিচ্ছেদ্য সত্তা। শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সারাজীবন লড়াই করেছেন। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তাঁর রাজনৈতিক চিন্তা ও আদর্শ এখনো নতুন প্রজন্মের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভাসানী ক্ষমতা অর্জনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। বরং রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন। কৃষক, শ্রমিকসহ নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ছিল নিরবচ্ছিন্ন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তাঁর দূরদর্শী নেতৃত্বের উল্লেখযোগ্য উদাহরণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জরুরি বলেও তিনি মনে করতেন।
নিজের পারিবারিক স্মৃতি তুলে ধরে যুগান্তর সম্পাদক জানান, তাঁর দাদা নাজিমুদ্দিন শিকদার ছিলেন মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর। তাঁর বাবাও ছিলেন ভাসানীর সরাসরি ছাত্র। এমনকি জন্মের পর তাঁর নামও রেখেছিলেন মওলানা ভাসানী।
‘হক কথা’ পত্রিকার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে পত্রিকাটি ছিল একটি শক্তিশালী প্রতিবাদী মাধ্যম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানী এমন একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যেখানে প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানো হবে। এর ফলে পড়াশোনা শেষে কাউকে বেকার থাকতে হবে না। কিন্তু সম্মিলিতভাবে আমরা সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে ধ্বংস করেছি। এখন ভাসানীর সেই স্বপ্ন ও আদর্শকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমে যুক্ত করা প্রয়োজন।
এ ছাড়া ভাসানীর স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে পীর শাহজামানের নামে একটি ছাত্রাবাস এবং রাবেয়া বসরীর নামে একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, কেবল আলোচনা সভা কিংবা স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে মওলানা ভাসানীর প্রতি যথার্থ সম্মান দেখানো সম্ভব নয়। তাঁর আদর্শ ও দর্শন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই তাঁকে প্রকৃত মূল্যায়ন করা হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক। বিশেষ আলোচক ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপকমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. একেএম মহিউদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



